আমরা যাকে 'বুদ্ধিমান' যন্ত্র বলি, সে কি সত্যিই মানুষের মতো ভালো-মন্দ কিংবা কোনো পরিস্থিতি বিচার করতে পারে? নাকি তার এই বুদ্ধিমত্তার আড়ালে লুকিয়ে আছে খুব সাধারণ কিছু গাণিতিক নিয়ম?
আসলে, কম্পিউটার কোনো বিমূর্ত যুক্তি বোঝে না। তার ভেতরে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো মস্তিষ্ক নেই, আছে কেবল কিছু ইলেকট্রনিক পথ। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় লজিক গেট (Logic Gate)। সহজভাবে বললে, এগুলো হলো বিদ্যুতের কিছু চেকপোস্ট। এই চেকপোস্টগুলো তখনই কেবল বিদ্যুৎকে সামনে যেতে দেয়, যখন আপনার দেওয়া শর্তগুলো মিলে যায়। এখানে 'হ্যাঁ' (১) মানে বিদ্যুৎ প্রবাহিত হওয়া, আর 'না' (০) মানে বিদ্যুৎ থেমে যাওয়া।
আমাদের চারপাশের তিনটি সহজ সমীকরণ
যন্ত্রের এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে তিনটি সাধারণ উদাহরণ দিয়ে বোঝা সম্ভব:
১. ‘এবং’ সমীকরণ (AND Gate):
মনে করুন, একটি এটিএম মেশিন থেকে তখনই টাকা বের হবে যখন—
১. আপনার কার্ডটি সঠিক হবে এবং
২. আপনার পিন নম্বরটি সঠিক হবে।
এই দুটির মধ্যে যেকোনো একটি ভুল হলে (অর্থাৎ 'না' হলে) মেশিন টাকা দেবে না। কম্পিউটার এভাবেই একাধিক 'হ্যাঁ' নিশ্চিত করে কাজ শুরু করে।
২. ‘অথবা’ সমীকরণ (OR Gate):
ভাবুন, আপনি আপনার ল্যাপটপটি চালাতে পারেন—
১. সরাসরি কারেন্টের লাইনে লাগিয়ে অথবা
২. ল্যাপটপের ব্যাটারি দিয়ে।
যেকোনো একটি ব্যবস্থা থাকলেই ল্যাপটপটি চলবে। যখন হাতে অনেকগুলো বিকল্প থাকে, তখন যন্ত্র এই সমীকরণ মেনে চলে।
৩. ‘না’ সমীকরণ (NOT Gate):
এটি হলো সবকিছুকে উল্টে দেওয়া। যেমন—আপনার ফোনের স্ক্রিন যদি লক করা না থাকে, তবেই অ্যাপগুলো ওপেন হবে। কোনো সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্যে রূপান্তর করার জন্য যন্ত্র এই পথটি ব্যবহার করে।
ক্ষুদ্র সিদ্ধান্ত যখন বিশাল বুদ্ধিমত্তাঃ
আমরা যখন স্মার্টফোনের স্ক্রিনে একটি টাচ করি, তখন কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে কয়েকশ কোটিবার এই ‘হ্যাঁ’ আর ‘না’-এর সমীকরণগুলো মেলানো হয়। এই অসংখ্য ছোট ছোট সিদ্ধান্তের যোগফলই হলো সেই ছন্দ, যা আমাদের কাছে ‘বুদ্ধিমত্তা’ বলে মনে হয়। যন্ত্র আসলে কিছুই বোঝে না, সে শুধু এই ‘হ্যাঁ’ আর ‘না’-এর ছকগুলো অন্ধভাবে মেনে চলে।
মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ বা দ্বিধা কাজ করে, কিন্তু যন্ত্রের দুনিয়াটা একদম সাদা আর কালোতে বিভক্ত। সেখানে ‘হয়তো’ বা ‘বোধহয়’ বলে কিছু নেই। তার সবটুকু অস্তিত্ব দাঁড়িয়ে আছে কেবল এই সুনির্দিষ্ট কিছু সমীকরণের ওপর।
নিচের সিমুলেটরে সুইচগুলো (ইনপুট) পরিবর্তন করে আপনি নিজেই দেখতে পারেন যন্ত্র কীভাবে এই সমীকরণগুলো মেনে চলে:
কিন্তু এই যে লক্ষ লক্ষ সমীকরণ এক পলকে মিলে যাচ্ছে, এই বিশাল কর্মযজ্ঞটি সম্পন্ন হওয়ার জন্য তো একটি নির্দিষ্ট জায়গা প্রয়োজন। সেই জায়গাটি আসলে কোথায়? তা নিয়েই আমরা জানবো পরবর্তী পর্বে— প্রসেসর: এক মহাজাগতিক ক্যালকুলেটর।