আমরা যখন কম্পিউটারে কোনো লেখা দেখি, গান শুনি বা গেম খেলি — তখন পর্দার আড়ালে আসলে কী ঘটে? আমরা সবাই শুনেছি কম্পিউটার ‘০’ এবং ‘১’ ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু এই ০ আর ১ আসলে কী? এগুলো কি কেবল গাণিতিক সংখ্যা?
আসলে ০ আর ১ কোনো সংখ্যা নয়, এগুলো হলো বিদ্যুতের দুটি অবস্থা। আপনার ঘরের লাইট সুইচের কথা ভাবুন। সুইচটা হয় আপনি ‘অন’ করেন, না হয় ‘অফ’ করেন। এর বাইরে কিন্তু আর কোনো অবস্থা নেই। কম্পিউটারের ভেতরে ঠিক এই কাজটাই করে ‘ট্রানজিস্টর’ নামক এক অতি ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র। আপনার হাতের স্মার্টফোনটিতে বর্তমানে কয়েকশ কোটি এমন ক্ষুদ্র সুইচ আছে। এই সুইচগুলো যখন বিদ্যুৎ প্রবাহিত হতে দেয় (On), আমরা তাকে বলি ১, আর যখন বিদ্যুৎ আটকে দেয় (Off), তাকে বলি ০।
কেন শুধু দুটি অবস্থা ? অন্য সংখ্যা কেন নয় ?
অনেকে প্রশ্ন করেন, “আমরা ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা ব্যবহার করলে কি আরও সুবিধা হতো না?”
বাস্তবতা হলো, বিদ্যুৎ প্রবাহকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা কঠিন। মনে করুন, আপনি ৫ ভোল্ট বিদ্যুৎ পাঠাচ্ছেন। তারের বা হার্ডওয়্যারের বাধার কারণে সেটা পৌঁছানোর সময় ৪.৫ ভোল্ট হয়ে যেতে পারে। এখন যদি আমরা ১ থেকে ১০ পর্যন্ত ভোল্টেজের স্তর রাখতাম, তবে ৪.৫ ভোল্ট আসলে ৪ নাকি ৫, তা নিয়ে কম্পিউটার বিভ্রান্ত হয়ে যেত।
কিন্তু যদি আমরা শুধু দুটি অবস্থা রাখি — ‘বিদ্যুৎ আছে’ আর ‘বিদ্যুৎ নেই’, তবে ৪.৫ ভোল্ট আসলেও কম্পিউটার নির্দ্বিধায় বুঝবে যে ‘বিদ্যুৎ আছে’। অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই নির্ভরযোগ্যতার কারণেই কম্পিউটার আজীবন ০ আর ১-এর এই সহজ ব্যাকরণে আটকে আছে।
আমাদের সব তথ্য কি তবে অন-অফের খেলা?
আপনার ফোনে থাকা একটি রঙিন ছবি বা একটি প্রিয় গান — সবই আসলে এই ‘অন’ আর ‘অফ’-এর এক বিশাল বিন্যাস। ক্যামেরা যখন কোনো ছবি তোলে, সে আলোর তীব্রতাকে নম্বরে রূপান্তর করে। আর সেই নম্বরগুলো যখন মেমোরিতে জমা হয়, তখন কোটি কোটি ক্ষুদ্র সুইচ সেই অনুযায়ী অন বা অফ হয়ে যায়।
আমরা যখন বলি “মেমোরি কার্ড ভরে গেছে”, তার মানে সেই সুইচগুলো আর নতুন কোনো অন-অফ বিন্যাস নেওয়ার অবস্থায় নেই।
তাহলে বিষয়টি কী দাঁড়াল? আমাদের পুরো ডিজিটাল অস্তিত্ব — আপনার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স — সবই আসলে এই বিদ্যুতের স্পন্দনের ওপর দাঁড়িয়ে আছে। মহাবিশ্বের জটিল সব তথ্যকে আমরা মাত্র দুটি অবস্থায় ভেঙে ফেলেছি।
কিন্তু প্রশ্ন থেকে যায় — শুধু অন আর অফ হয়েই কি একটি যন্ত্র বুদ্ধিমান হতে পারে? এই সাধারণ সুইচগুলো কি নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে? পরের পর্বে আমরা দেখব, কীভাবে এই ০ আর ১ মিলে জটিল সব সমস্যার সমাধান বা ‘যুক্তি’ তৈরি করে।